৩৬ বছরের খরা ঘুচিয়ে অবশেষে বিশ্বকাপের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই স্বপ্নপূরণের মূল কারিগর লিওনেল মেসি।
অবশেষে অধরা বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফলে 'কে সেরা' এই বিতর্কে কিছুটা হয়তো পিছিয়েই পড়লেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
ফরাসিদের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে জেতার পর পর্তুগিজ উইঙ্গারের আরও এক রেকর্ড ভাঙলেন মেসি। তবে এই রেকর্ড মাঠের নয়, ইনস্টাগ্রামে। এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবির তালিকায় রেকর্ড গড়েছে লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ হাতে মেসির আইকনিক ছবি।
মঙ্গলবার ইয়েনি শাফাকের প্রতিবেদন অনুসারে, "চ্যাম্পিয়নস অফ দ্য ওয়ার্ল্ড!!!!!!!!" শিরোনামে মেসির পোস্টটি রোববার পোস্ট করার পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চার কোটি ৯৮ লাখের বেশি লাইক পেয়েছে।
ফটোতে দেখা গেছে যে মেসি বিশ্বকাপের ট্রফি তুলে ধরেছেন এবং তিনি (তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন) ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার গৌরবময় জয় উদযাপন করছেন।
শুধু মাঠেই নয়, রোনালদোকে মাঠের বাইরেও একটি জায়গায় পেছনে ফেললেন মেসি। সেটা অবশ্য বিশ্বকাপ জয়ের কারণেই। ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে ইনস্টাগ্রামে নির্দিষ্ট কোনো পোস্টে সবচেয়ে বেশি ‘লাইক’-এ রোনালদোর রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
মেসির এ পোস্টটি পুর্তগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর পোস্টকে পরাজিত করেছে। এর আগে রোনালদোর পোস্টটি ইনস্টাগ্রামে প্রায় চার কোটি ২০ লাখ লাইক পেয়েছিল। এটাই ছিলো আগের রেকর্ড।
রোনালদো ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তিনি বিশ্বকাপ শুরু হওয়ার এক দিন আগে ১৯ নভেম্বর তারিখে ওই ছবির পোস্টটি করেছিলেন৷
তবে এখনও ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট হচ্ছে একটি ডিমের ফটো। সাদা পটভূমিতে একটি বাদামী ডিমের ছবি ইনস্টাগ্রামে ৫ কোটি ৬০ লাখের বেশি লাইক অর্জন করেছে। ২০১৯ সালের প্রথম দিকে এক ব্যবহারকারী ওই ডিমের ছবিটি পোস্ট করেন। ওই ছবিটির লাইক পাওয়ার রেকর্ড এখনও ভাঙতে পারেনি কোনো ছবি।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে মেসির ৪০ কোটি ফলোয়ার রয়েছে।